গাজীপুরের শ্রীপুরে এক নারীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে তৌহিদুল হাসান রাকিব (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের পর ধর্ষণের ভিডিয়ো ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত তৌহিদুল হাসান রাকিব শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে। সে গত ৫ ডিসেম্বর সকালে তার ফেসবুকে ধর্ষণের সে ভিডিয়ো আপলোড করে। থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ঐ যুবতী এবং তৌহিদুল হাসান রাকিবের বাড়ি একই এলাকায় হওয়ার সুবাদে তাদের মধ্যে গত চার বছর যাবত একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই প্রেক্ষিতে গত ১৮ আগস্ট বিকালে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া কটন মিলের পূর্ব পাশে জনৈক সজল মাস্টারের বোন শিরিনের ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে যুবতী একাধিক বার ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করে। এরপর ঐ যুবতী রাকিবকে বিয়ের জন্য চাপ দিলে সে বিভিন্ন টালবাহানা এবং ফেসবুকে তাদের মেলামেশার ভিডিয়ো আপলোড করবে বলে হুমকি প্রদান করে।
গত ৫ ডিসেম্বর ঐ যুবতীকে ফোন করে দেখা করার কথা বললে যুবতী রাকিবের সাথে দেখা করতে রাজি হয়নি। কিছুক্ষণ পর রাকিব ঐ যুবতীকে ফোন করে জানায় যে সে ভিডিয়ো 'Tohidul Hasan Rakib' নামের আইডিতে ছেড়েছে। এরপর ঐ যুবতী বিকালে তৌহিদের বাড়ীতে গিয়ে বিবাহ করার কথা বললে রাকিব ক্ষিপ্ত হয়ে তাকে খুন ও জখমের হুমকি প্রদান করে। রাকিব আরও বলে , সে যদি থানা পুলিশ এবং আইনের আশ্রয় নেয় তাহলে তাকে মেরে গুম করে ফেলবে।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক(তদন্ত) মনিরুজ্জামান খান জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।